সীমান্তে দায়িত্ব পালনকালে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) নায়েক মো. আক্তার হোসেন শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে সিএমএইচ, ঢাকা-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে নায়েক আক্তার হোসেন কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজুআমতলী বিওপিতে অস্থায়ী দায়িত্বে ছিলেন। ওইদিন সকালে পেয়ারাবুনিয়া সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাকে সিএমএইচ রামুতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিজিবি হেলিকপ্টারে করে সিএমএইচ ঢাকায় স্থানান্তর করা হয়। দীর্ঘ ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার হৃদ্যন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে যায়। চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল সাদাত বিন সিরাজের তত্ত্বাবধানে টানা ৪৫ মিনিট সিপিআর (CPR) দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। দুপুর ১২টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
নায়েক আক্তার হোসেনের মৃত্যুতে পুরো বিজিবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এক সাহসী সহযোদ্ধাকে হারালাম। নায়েক আক্তার হোসেনের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি আরও বলেন, শহীদ নায়েক আক্তার হোসেন দেশের জন্য আত্মোৎসর্গের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াত নায়েক আক্তার হোসেনের মরদেহ তার নিজ জেলা ভোলার দৌলতখানে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে।