সীমান্তে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার
বান্দরবান জেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)। কক্সবাজার ব্যাটালিয়নের ঘুমধুম বিওপির একটি টহল দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা।
৩৪ বিজিবি জানিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযানে মোট ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মাদকদ্রব্যসহ ৪০ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৩১০ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সময়ে ১০ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার ৮২১ টাকার চোরাচালানি পণ্যও জব্দ করা হয়েছে। সব মিলিয়ে ৫০ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ১৩১ টাকার মাদক ও চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে এবং ৯৫ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
বিজিবি সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে সচেতনতা সভা ও মতবিনিময় আয়োজন করছে। পাশাপাশি স্কুল ও মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, খেলাধুলার সামগ্রী, দুস্থ নারীদের সেলাই মেশিন প্রদান, বৌদ্ধ বিহারে অনুদান এবং মাইন বিস্ফোরণে আহতদের সহযোগিতা প্রদানসহ মানবিক কার্যক্রমও পরিচালনা করছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম জানিয়েছেন, বিজিবি সীমান্ত পাহারা ছাড়াও মাদক ও চোরাচালান প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে।