কক্সবাজারের ৯ থানায় নতুন ওসিদের দায়িত্ব গ্রহণ
কক্সবাজার জেলার ৯টি থানায় সদ্য নিয়োগ পাওয়া নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। তিনি নবনিযুক্ত ওসিদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় আত্মনিয়োগের পরামর্শ দেন।
জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র অলক বিশ্বাস জানান, নতুন ওসিরা সোমবার সন্ধ্যায় নিজ নিজ থানায় যোগ দেবেন। দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন উখিয়ায় নুর মোহাম্মদ, কুতুবদিয়ায় মাহবুবুল হক, রামুতে মনিরুল ইসলাম ভূঁইয়া, ঈদগাঁওতে এটিএম শিফাতুল মজুমদার, চকরিয়ায় মোহাম্মদ মনির হোসেন, টেকনাফে মোহাম্মদ সাইফুল ইসলাম, মহেশখালীতে মোহাম্মদ মজিবুর রহমান, পেকুয়ায় মোহাম্মদ খাইরুল আলম এবং কক্সবাজার সদর থানায় মোহাম্মদ ছমি উদ্দিন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান ও মোহাম্মদ সামীম কবীরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।