মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে নুরুল হক ভুট্টো হত্যা মামলার আসামি রিদুয়ান গ্রেফতার

ছবি: সংগৃহিত

টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় আলোচিত নুরুল হক ওরফে ভুট্টো হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ রিদুয়ান (২৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত রিদুয়ান টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার ফজল আহাম্মদের ছেলে। তিনি নুরুল হক ওরফে ভুট্টো হত্যা মামলাসহ টেকনাফ মডেল থানায় দায়ের করা মোট তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

র‌্যাব সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০২২ সালের ১৫ মে সন্ধ্যায় মৌলভী পাড়া এলাকায় নুরুল হক ওরফে ভুট্টোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলার একপর্যায়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুল হক নাজির পাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে।

এ ঘটনায় পরদিন নিহতের ভাই বাদী হয়ে টেকনাফ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে জড়িত আসামিরা আত্মগোপনে চলে গেলে আইনশৃঙ্খলা বাহিনী ও র‌্যাব যৌথভাবে তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৭ ডিসেম্বর র‌্যাব-১৫ মৌলভী পাড়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ রিদুয়ানকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ক্যাটাগরি