শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা

সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে দীর্ঘ ১৯ দিন পর যুবদল নেতা ফারুকের মৃত্যু

ফাইল ছবি

কক্সবাজার শহর যুবদলের আওতাধীন বাসটার্মিনাল যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক (৩৫) সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে দীর্ঘ ১৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুবরণ করেছেন। আজ ভোরে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে, গত ৯ ডিসেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের উত্তরণ হাউজিং সোসাইটির সামনে প্রধান সড়কে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে আসা একই এলাকার কয়েকজন সন্ত্রাসী অতর্কিতভাবে গুলি চালায়।

এতে গুলিবিদ্ধ হন মোহাম্মদ ফারুক এবং সাইফুল ইসলাম (৩২)। হামলার পরপরই সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তর করা হয়।

ফারুককে চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে আইসিইউসহ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ভোররাতে তিনি মৃত্যুবরণ করেন।

মোহাম্মদ ফারুকের মৃত্যুতে কক্সবাজার শহর যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা এই হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ক্যাটাগরি