বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজারে ৩৫ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

কক্সবাজারে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের ৭০ লাখ মিটার নিষিদ্ধ বিদেশি কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার শহরের ফিশারিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ কোটি টাকা।

তিনি আরও জানান, অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, সামুদ্রিক সম্পদ রক্ষা ও অবৈধ মৎস্য আহরণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

ক্যাটাগরি