১০০ ভরি স্বর্ণ সহ ৪ কোটি ৩৩ লাখ টাকার সম্পদের মালিক জামায়াত প্রার্থী ভিপি বাহাদুর
কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী শহীদুল আলম বাহাদুরের স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ৪ কোটি ৩৩ লাখ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় এ তথ্য উঠে এসেছে।
হলফনামা অনুযায়ী, শহীদুল আলম বাহাদুরের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অব আর্টস (এমএ)। তার কাছে রয়েছে ১০০ ভরি (তোলা) স্বর্ণ। এছাড়া তার স্ত্রীর মালিকানায় রয়েছে আরও ১০ ভরি স্বর্ণ।
আয়ের বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ব্যবসা থেকে তিনি বছরে ৪ লাখ ৬৫ হাজার টাকা আয় করেন। অস্থাবর সম্পদের মধ্যে তার নগদ অর্থ রয়েছে ৩৮ লাখ ৩৪ হাজার ৬৫৩ টাকা। পাশাপাশি ব্যবসায় ব্যবহৃত নগদ অর্থ হিসেবে উল্লেখ করেছেন ৩৮ লাখ ২ হাজার ১১৪ টাকা। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের বর্তমান মূল্য দেখানো হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা।
স্থাবর সম্পদের মধ্যে শহীদুল আলম বাহাদুরের রয়েছে ০ দশমিক ২৫ একর অকৃষি জমি এবং একটি সেমিপাকা বাড়ি। এসব স্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য হলফনামায় উল্লেখ করা হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার টাকা।
কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শহীদুল আলম বাহাদুর এই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে তিনি কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, কক্সবাজার-৩ আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাহাদুরসহ মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।