কলাতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ২ কারবারি আটক
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ২টার দিকে কলাতলী সমুদ্র সৈকত এলাকার হোটেল রামাদা’র সামনে থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
তিনি জানান, সদর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভের ভাঙারমুখ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি নাম্বারবিহীন সিএনজিকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে পুলিশের দল সিএনজিটির গতিবিধি অনুসরণ করে কলাতলী এলাকার হোটেল রামাদার সামনে সেটি আটক করতে সক্ষম হয়।
সিএনজিটি তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জবর মুল্লকের ছেলে আবুল কাসেম (৬১) এবং মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকার মিঠাছড়ির জিহাদুল ইসলামের স্ত্রী ইসমত আরা বেগম (২৬)।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।