মহেশখালীর গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড
কক্সবাজারের মহেশখালী উপকূলের পশ্চিম গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া একটি ফিশিং বোটের ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে মহেশখালী থেকে পশ্চিম গভীর সমুদ্র এলাকায় ‘এফ বি আল্লাহর দান-২’ নামের একটি ফিশিং বোটে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল বোটে থাকা মাছ, জাল, খাবারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম লুট করে নিয়ে যায় এবং বোটটিকে সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানানো হলে কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকালে গুরুতর আহত দুই জেলেকে উন্নত চিকিৎসার জন্য বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অপর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের ফিশিং বোটসহ তাদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।