ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখলে ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নয়াদিল্লি রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে ওয়াশিংটন অতিরিক্ত শুল্ক আরোপে বাধ্য হবে। খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ভারত যদি রাশিয়ার তেল ইস্যুতে আমাদের সহায়তা না করে, তাহলে আমরা তাদের ওপর শুল্ক বাড়িয়ে দেব।” তিনি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানতেন যে তিনি এ বিষয়ে অসন্তুষ্ট এবং সেই কারণেই নয়াদিল্লি তাকে খুশি করতে চেয়েছিল।
ট্রাম্পের ভাষ্য, ভারত ইতোমধ্যে রাশিয়া থেকে তেল আমদানি অনেকটাই কমিয়ে দিয়েছে। তিনি বলেন,
“তারা আমাকে খুশি করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী মোদি একজন খুব ভালো মানুষ। তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ ছিল। তারা আমাদের সঙ্গে বাণিজ্য করে, আর আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি।”
উল্লেখ্য, গত বছরের আগস্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
তবে ভারত শুরু থেকেই দাবি করে আসছে, বিশাল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করছে।