টেকনাফের বাহারছড়ায় র্যাবের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫, কক্সবাজার। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, সন্ত্রাসবাদ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে র্যাব নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ জানুয়ারি সিপিসি-১, র্যাব-১৫ কক্সবাজারের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায়, মেরিন ড্রাইভ সড়কের আনুমানিক ২০০ গজ পূর্ব পাশে কাদেরের জমিতে বর্গাচাষি মোহাম্মদ হাকিমের পানের বরজের ভেতরে।
র্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামি নিজ হাতে মাটির নিচ থেকে ইয়াবার চালান বের করে দেয়। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ এক লাখ পিস।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোহাম্মদ হাকিম (২৩), পিতা নুরুল ইসলাম, গ্রাম নোয়াখালীপাড়া, ওয়ার্ড নং ৯, বাহারছড়া ইউনিয়ন, টেকনাফ।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।