রোহিঙ্গা ক্যাম্পে ৬ মাসে ২০০ অভিযানে গ্রেপ্তার ১০৮
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় গত ছয় মাসে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময়ে ১১টি রোহিঙ্গা ক্যাম্পে প্রায় দুই শতাধিক বিশেষ অভিযান চালিয়ে ৫২টি মামলায় ১০৮ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-একটি ইউজেটআই সাব মেশিন গান, একটি পিস্তল, পাঁচটি ওয়ান শুটারগান, দুটি একনলা বন্দুক, একটি রিভলবার, ৩ রাউন্ড কার্তুজ, ২৭ রাউন্ড গুলি, ৭টি গুলির খোসা, একটি দেশীয় কিরিচ ও একটি ওয়াকিটকি সেট। এছাড়া পরিত্যক্ত অবস্থায় আরও একটি পিস্তল, পাঁচটি ওয়ান শুটারগান ও দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
মাদকদ্রব্যের মধ্যে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৬৮টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৩০ গ্রাম গাঁজা, ২৪০ গ্রাম ইয়াবার গুঁড়া, ৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১৩ লিটার ৭৫০ মিলিলিটার দেশীয় চোলাই মদ। এ সময় মাদক বিক্রির নগদ ৩৪ হাজার ৫০০ টাকা উদ্ধার এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৫৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া অভিযানে উদ্ধার করা হয় ২৪টি হারানো মোবাইল ফোন, বিকাশ প্রতারণায় নেওয়া ৩০ হাজার টাকা এবং বাংলাদেশি ১৪ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যা, অপহরণ, ধর্ষণ, চুরি ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় আসামিও রয়েছে।
এএপিবিএন সূত্র জানায়, উখিয়ার পানবাজার, ময়নারঘোনা, তাজনিমারখোলা, ঘোনারপাড়া, জামতলি, হাকিমপাড়া ও শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্পের আওতায় ক্যাম্প-৮(ই), ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯-এ এসব অভিযান পরিচালিত হয়।
স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযানের প্রশংসা করেছেন। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ধারাবাহিক অভিযানের ফলে ক্যাম্প ও আশপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে অভিযান চলছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও কোনো অপরাধী চক্রকে মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না। তিনি আরও বলেন, গত ছয় মাসে যে পরিমাণ অভিযান পরিচালনা করা হয়েছে, তা আগের এক বছরেও হয়নি।