কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯টি বসতঘর
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধরুং ইউনিয়নের মিয়ার কাটা ৭ নম্বর ওয়ার্ডে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছোট-বড় বিভিন্ন আয়তনের মোট ৯টি আধা-পাকা ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন জয়নাল, মো. জসিম (আনুমানিক ক্ষতি ২ লাখ টাকা), মো. জামাল (২.৫ লাখ টাকা), পারভিন (১ লাখ টাকা), করিম (২.৫ লাখ টাকা, পিতা: সৈয়দ মিয়া), সৈয়দ নুর (২ লাখ টাকা, পিতা: হাকিম আলী), আবুল মূসা (৩ লাখ টাকা, পিতা: আবু উমর), গোলাম রহমান (পিতা: মূজাহার মিয়া) এবং মো. জালাল (৭০ হাজার টাকা, পিতা: হাকিম)।
স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে দ্রুত উদ্ধার তৎপরতার ফলে প্রায় ২৫ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ড নির্বাপনে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহাম্মেদ।