কুতুবদিয়ায় ইয়াবাসহ পাঁচজন আটক, মাদক সেবনের সরঞ্জাম জব্দ
কক্সবাজারের কুতুবদিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা সেবন ও বিক্রিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের নয়াকাটা এলাকার সোনাইয়ার মেশিনঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উত্তর নাথপাড়া এলাকার কায়েদে আজম প্রকাশ কাইয়ুম (৩০), মো. আনিচুল ইসলাম (৩৩), ওসমান গণি (২৮), কালমার পাড়ার আবদুল আলম (২৮) এবং মগলাল পাড়ার মো. হেশাম (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে রোববার রাতে পুলিশের একটি দল ধূরুং বাজার এলাকায় অবস্থান করছিল। রাত ১১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নয়াকাটার সোনাইয়ার মেশিনঘরে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে পুলিশ সেখানে অভিযান চালালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় পাঁচজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
এ ছাড়া ঘটনাস্থল থেকে ১০টি নীল রঙের জিপারযুক্ত খালি প্যাকেট, তিনটি নীল রঙের প্লাস্টিকের বোতলের মুখ, ১৮টি লাল রঙের প্লাস্টিকের বোতলের মুখ, ২০টি বিভিন্ন রঙের গ্যাস লাইট ও ৫০টি ছোট প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রির পাশাপাশি নিজেরাও সেবন করার কথা জানিয়েছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক পাঁচজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।