সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী ড. হামিদুর রহমান আযাদ

মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ আপিল শুনানিতে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত আপিল শুনানিতে তাঁর আপিল গৃহীত হয় এবং মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. হামিদুর রহমান আযাদ বলেন,
‘আলহামদুলিল্লাহ, এই রায়ে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় মহেশখালী–কুতুবদিয়ার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’

এর আগে গত ২ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় মামলা-সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে তাঁর মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

সেদিন রাতে এক সংবাদ সম্মেলনে ড. আযাদ অভিযোগ করেন, ‘ফ্যাসিবাদী আমলের সাজানো ও মিথ্যা মামলার অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায়। আমার হলফনামায় ঋণখেলাপি, ট্যাক্স ফাঁকি কিংবা রাষ্ট্রীয় কোনো আর্থিক অনিয়মের অভিযোগ নেই। তবুও ২০১৩ সালের আদালত অবমাননার একটি মামলাকে সামনে এনে মনোনয়ন বাতিল করা হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বৈষম্যমূলক।’

উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ড. এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ জামায়াতের প্রার্থী হিসেবে কক্সবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ক্যাটাগরি