বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের অতীতের ভুল পথের দিকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিক পথে পরিচালিত করবে। তিনি বলেন, “আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে। কিন্তু অবশ্যই আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না।”

শনিবার বেলা ১১টায় ঢাকার বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে বিএনপি আয়োজিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের কয়েকটি ঘটনাকে সামনে রেখে তিনি দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবেন। তিনি উল্লেখ করেন, এক পাশে রয়েছে ১৯৮১ সালের একটি জানাজা, আরেক পাশে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের একটি জানাজা, আর মাঝখানে রয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা। এসব অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, অতীতের সেই পরিস্থিতিতে ফিরে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই।

তিনি বলেন, এই উপলব্ধি শুধু তার একার নয়, বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছেও এটি বড় একটি শিক্ষা। হিংসা, প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতির পরিণতি কী হতে পারে, তা জাতি ৫ আগস্ট দেখেছে বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান দলমত নির্বিশেষে সবাইকে সহনশীল থাকার আহ্বান জানিয়ে বলেন, মতপার্থক্য থাকবেই, তবে আলোচনার মাধ্যমে সেই মতপার্থক্যের সমাধান সম্ভব। কোনোভাবেই যেন তা মতবিভেদে পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বিভেদ জাতিকে বিভক্ত করে দেয়, আর তার পরিণতি খুব ভয়াবহ হতে পারে—যা অতীতে আমরা দেখেছি।

তিনি আরও বলেন, বর্তমানে অনেক মানুষের মুখে হতাশার কথা শোনা গেলেও আশার দিক হলো—মানুষ এখনো ভবিষ্যৎ নিয়ে ভাবছে, ভবিষ্যতের পরিকল্পনা করছে। আর সেই ভবিষ্যৎ গড়তে বিএনপি দায়িত্ব পেলে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ক্যাটাগরি