বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ৩০ লাখ টাকার মাছ

টেকনাফের সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ ছুরি মাছ, যার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। শনিবার দুপুরে টেকনাফের মহেশখালীয়া পাড়ার নৌ-ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় এই দৃশ্য দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাসের সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৬টার দিকে মহেশখালীয়া পাড়ার নৌ-ঘাট থেকে হাফেজ আহমদের টানা জাল নিয়ে ২৬ জন জেলে প্রতিদিনের মতো মাছ ধরতে সমুদ্রে যান। প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা পর জাল টানার সময় তারা দেখতে পান জালে বিপুল পরিমাণ ছুরি মাছ আটকা পড়েছে।

পরে মাছগুলো কূলে তোলা হলে দেখা যায়, জালে ধরা পড়েছে চার শত মণেরও বেশি ছুরি মাছ। স্থানীয় বাজারদরে এসব মাছের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে আনুমানিক ৩০ লাখ টাকা।

মাছ ব্যবসায়ী নুর কালাম জানান, তিনি প্রতি মণ ৭ হাজার ৫০০ টাকা দরে মাছগুলো কিনে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।

জালের মালিক হাফেজ আহমদ আনন্দ প্রকাশ করে বলেন, আমার দুটি টানা জাল আছে। প্রতিবছরই আল্লাহর রহমতে ভালো মাছ পাই। আজকে আনুমানিক ৩০ লাখ টাকার মাছ পেয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।

এদিকে একসঙ্গে এত বিপুল পরিমাণ মাছ দেখতে সমুদ্র তীর এলাকায় ভিড় করেন হাজারো মানুষ। অনেকেই বলেন, তারা জীবনে কখনো এত মাছ একসঙ্গে দেখেননি। স্থানীয়দের ভাষায়, “আজ দেখে খুব ভালো লাগলো। আল্লাহ যাকে দেন, তাকে মন ভরে দেন।

ক্যাটাগরি