আর্ন্তজাতিক

আরাকান আর্মির ওপর জান্তা বাহিনীর বিমান হামলা, রাখাইনে নতুন করে উত্তেজনা

মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চল থেকে ভেসে আসা বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকা। শনিবার দিবাগত রাত থেকে থেমে থেমে এসব শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে সীমান্তবর্তী জনপদে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হোয়াইক্যং বাজার, তুলাতলী, লম্বাবিল, তেচ্ছিব্রিজ, উনছিপ্রাং, কুতুবদিয়াপাড়া ও কান্জরপাড়াসহ বিভিন্ন এলাকায় বসবাসকারীরা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র যে অনেক সময় ঘরবাড়িও কেঁপে উঠছে। অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না।

উনছিপ্রাং বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক মুহাম্মদ তাহের নঈম জানান, শনিবার দিবাগত রাত ৩টা থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে, যা থেকে ধারণা করা হচ্ছে সীমান্তের ওপারে বড় ধরনের সামরিক অভিযান চলছে।

এদিকে রোহিঙ্গা ক্যাম্প এলাকার বাসিন্দারাও সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরণের শব্দের কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন। ক্যাম্প এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে নতুন করে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে এবং আকাশপথে হামলার ঘটনাও ঘটতে পারে। অসমর্থিত সূত্রের বরাতে জানা গেছে, মংডুর কুমিরাখালী এলাকায় আরাকান আর্মির একটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি বা আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং তারা প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ক্যাটাগরি