মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

৩ দিনেও পরিচয় মেলেনি চট্টগ্রামে পার্কে কুড়িয়ে পাওয়া শিশুটির

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ জাম্বুরি পার্কের সামনে থেকে কুড়িয়ে পাওয়া তিন মাস বয়সী শিশুটির পরিচয় তিন দিনেও শনাক্ত করা যায়নি। বর্তমানে শিশুটি আগ্রাবাদের মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটিকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তার পরিবারের সন্ধানে পুলিশি কার্যক্রমও অব্যাহত রয়েছে।

মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. মিশু তালুকদার জানান, হাসপাতালে আনার সময় শিশুটির একাধিক শারীরিক সমস্যা ছিল। তবে বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং সে মুখে দুধ খেতে পারছে। তিনি বলেন, “শিশুটির অ্যাকোনড্রোপ্লাসিয়া নামে একটি জন্মগত জেনেটিক সমস্যা রয়েছে। এতে হাড়ের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, ফলে উচ্চতা তুলনামূলক কম থাকে এবং হাত-পা খাটো হয়। আমরা শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি।”

শিশুটি উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা ডবলমুরিং থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আসলাম সরকার বলেন, “শিশুটির দেখাশোনার জন্য হাসপাতালে একজন পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তার পরিবারের খোঁজ পেতে নিয়ন্ত্রণকক্ষে অবহিত করা হয়েছে এবং বিভিন্ন স্থানে বেতারবার্তা পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”

হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির চিকিৎসা ও পরিচর্যার সার্বিক দায়িত্ব নিয়েছে। শিশুটির দেখভালের দায়িত্বে রয়েছেন হালিমা নামের এক নারী। চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সবাই শিশুটির সুস্থতায় আন্তরিকভাবে কাজ করছেন। বর্তমানে শিশুটি হাসপাতালের এইচডিইউতে ভর্তি রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর আগ্রাবাদ এলাকার জাম্বুরি পার্কের ফটকের পাশে শিশুটিকে দেখতে পান সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মী আবদুল মালেক। তখন শিশুটির পরনে ছিল একটি ডায়াপার এবং গায়ে মোড়ানো ছিল নতুন একটি কাঁথা। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সে সময় শিশুটির ঠান্ডাজনিত সমস্যাও ছিল।

ক্যাটাগরি