বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির
মুফতি আমীর হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আবুল হাশেম। আজ সোমবার (১৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের এক পর্যায়ে আবুল হাশেম হঠাৎ মাথা ঘুরে মঞ্চে লুটিয়ে পড়েন। এ সময় সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
আবুল হাশেম দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক নেতা ইকবাল হোসেন বলেন,
“কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তব্য দিতে দিতে স্ট্রোক করেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।”