টেকনাফ সীমান্তে স্থলমাইনের ‘প্রেশার প্লেট’ উদ্ধার
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় মিয়ানমার সীমান্ত থেকে স্থলমাইনের ‘প্রেশার প্লেট’ বা অগ্রভাগ উদ্ধার করেছে সেনাবাহিনী ও বিজিবি।
উখিয়ার ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে হোয়াইক্যং উলুবনিয়া এলাকা থেকে উদ্ধারকৃত এসব সরঞ্জাম খতিয়ে দেখা হচ্ছে। তবে সরঞ্জামগুলোতে কোনো বিস্ফোরক ধরা পড়েনি।
সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে আনুমানিক ৫০-৬০টি প্রেশার প্লেট উদ্ধার করে। এগুলো বর্তমানে হোয়াইক্যং বিজিবি ফাঁড়িতে রাখা হয়েছে।
বিজিবি সূত্রে জানানো হয়েছে, একটি পূর্ণাঙ্গ স্থলমাইনের চারটি প্রধান অংশ থাকে, যার একটি হলো ‘প্রেশার প্লেট’। এটি মাটির উপরে বা সামান্য নিচে বসানো থাকে এবং এর ওপর চাপ পড়লে মাইনটি সক্রিয় হয়।
সীমান্তে এ ধরনের সরঞ্জাম উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।