টেকনাফ সরকারি ডিগ্রি কলেজে আইসিটি প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত
টেকনাফ সরকারি ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণির নির্বাচনী আইসিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ভাইরাল হওয়ার খবর কলেজ প্রশাসনের নজরে আসে। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই আইসিটি বিষয়ের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
পরীক্ষা স্থগিতের খবরে শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে কলেজ প্রাঙ্গণ ত্যাগ করে। আইসিটি বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান, তারা সকালে নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে কলেজে আসেন। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের খবর ছড়িয়ে পড়লে পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়।
টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্তোষ কুমার শীল বলেন, দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষার আইসিটি প্রশ্নপত্র ফাঁস হওয়ার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে যারা এ ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
কলেজ কর্তৃপক্ষ আরও জানায়, শিক্ষার্থীদের ন্যায্য মূল্যায়ন ও সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।