সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু সাবেক বিএনপি নেতার

গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান প্রশাসনের অনুমতি না পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভিতরে ঢুকে শ্রদ্ধা জানাতে না পারলেও গেটের বাইরে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে মোনাজাত ও শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সমাধিসৌধের ৩ নম্বর গেটে উপস্থিত হন হাবিবুর রহমান। ভিতরে ঢুকতে না পারায় সেখানে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার নির্বাচনী প্রতীক ফুটবল মার্কার প্রচারণার মাধ্যমে ভোট প্রার্থনা শুরু করেন। এরপর তিনি টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ ও পাটগাতী বাসস্ট্যান্ডে গণসংযোগ করেন।

এর আগে হাবিব গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন। সাংবাদিকদের তিনি বলেন, “গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে শায়িত আছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র আল্লামা শামছুল হক ফরিদপুরী। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছি।”

রাজনৈতিক অতীত সম্পর্কে হাবিব বলেন, “এক সময় আমি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। টুঙ্গিপাড়া ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি ও জেলা বিএনপির সদস্য ছিলাম। তবে আমি অনেক আগেই বিএনপির রাজনীতি ছেড়ে দিয়েছি। ডাক বিভাগের মাধ্যমে বিএনপির মহাসচিব বরাবর আমার পদত্যাগপত্র পাঠিয়েছি। তাই আমাকে এখন বহিষ্কার করার বিষয়টি হাস্যকর।”

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মানুষ মামলা-গ্রেপ্তারের আতঙ্কে রয়েছে। হয়রানির শিকার হয়ে অনেকে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। যারা রাজনীতি করেন, তাদের অনেকেই সাধারণ মানুষের কথা ভাবেন না। আমি এলাকার মানুষের জন্য রাজনীতি করতে চাই, তাদের কল্যাণের জন্য কাজ করতে চাই। সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকে মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির লক্ষ্য।

ক্যাটাগরি