ধলঘাটায় বিদ্যুৎ শর্ট সার্কিটে চারটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকায় বিদ্যুৎ শর্ট সার্কিটজনিত অগ্নিকাণ্ডে চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠে পাশের আরও তিনটি বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত বসতঘরগুলোর মালিক সিকদারপাড়া এলাকার বদন ফকিরের দুই ছেলে আজিজুল হক ও এনামুল হক এবং মোজাম্মেল হক ও আমির হোসাইন। অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা দীর্ঘদিনের জমানো আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল, নগদ অর্থ ও স্বর্ণালংকার পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছেন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম মানবিক সংকটে পড়েছেন এবং খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হচ্ছেন।
ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে- দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।