টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ছয় কৃষক অপহরণ, এলাকায় আতঙ্ক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড়ি এলাকা থেকে স্থানীয় ছয়জন কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।
অপহৃতরা হলেন মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০), মোজাহের (৬০) ও মোস্তাক (১২)। তারা সবাই হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্প এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, অপহৃত কৃষকরা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। এ সময় একদল পাহাড়ি অস্ত্রধারী সেখানে এসে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যায়।
অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন বলেন, প্রতিদিনের মতো তার ছেলে মাঠে কাজ করতে গিয়েছিল। হঠাৎ পাহাড়ি অস্ত্রধারীরা এসে সবাইকে ধরে নিয়ে যায়। এতে পরিবারগুলো চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র জানান, মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষক অপহরণের খবর তারা পেয়েছেন। অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপহৃতদের উদ্ধার এবং পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।