বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে বেপর্দা নারীদের পাশে বসে সেলফি তোলার অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। সংসদ নির্বাচনকে সামনে রেখে দেওয়া এক বক্তব্যে তিনি এ অভিযোগ উত্থাপন করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ রেজাউল করিম এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা তো বলিনি ছেলেরা সরে যাও, মেয়েরা এসে বসো। কিন্তু সেখানে দেখা যাচ্ছে, একজন মুরুব্বি মানুষ বেপর্দা মেয়েদের পাশে বসে সেলফি তুলছেন। বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলা ইসলামী আন্দোলনের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং আমরা তা করতে পারি না।”
নিজ দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, পাঁচ আগস্টের পর দেশে যখন অরাজক পরিস্থিতি চলছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যালঘুদের জান, মাল ও ইজ্জত রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করেছে। তিনি দাবি করেন, করোনা মহামারির সময় জীবন ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের জানাজা ও দাফনের ব্যবস্থাও করেছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
মুফতি সৈয়দ রেজাউল করিম আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় মানুষের দুঃসময়ে খাদেম হয়ে পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও সেই দায়িত্ব পালন করবে। নীতি ও আদর্শের প্রশ্নে দলটি কোনো আপস করবে না বলেও তিনি মন্তব্য করেন।