নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেছেন, বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী মিছিল ও সমাবেশের মাধ্যমে পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি করছে। এসব বিচ্ছিন্ন ঘটনার মূল উদ্দেশ্য আসন্ন সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।
বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার দায়ভার সরকার, নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে। তিনি বলেন, প্রতিবাদ অবশ্যই করা যাবে, তবে সেই প্রতিবাদের ভাষা হতে হবে শালীন ও শান্তিপূর্ণ। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, কেউ যদি এসব ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মাঠ গরম করার চেষ্টা করে, তাহলে বিএনপি স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিতে চায়—বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যারা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
ধর্মীয় প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ফয়সালা করবেন কে কোথায় যাবে। এই ফয়সালা কোনো রাজনৈতিক দলের করার এখতিয়ার নেই। শুধু দলের নামের শেষে ‘ইসলাম’ থাকলেই কেউ ইসলামের প্রতিনিধি হয়ে যায় না। এ ধরনের প্রতারণা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, রাজনীতির মূল অর্থ হলো দেশের মানুষের জন্য কী করা হবে, সেই পরিকল্পনা ও ইশতেহার জনগণের সামনে তুলে ধরা। জনগণ পছন্দ করলে ভোট দেবে—এটাই গণতান্ত্রিক চর্চা। তাই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।
উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল উল্লাহ নুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনী পথসভায় আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা শফিউল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।