সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া

ভোট কারচুপির অপচেষ্টা জনগণ রুখে দেবে: ড. হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-০২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ভোট কারচুপির যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বড় মহেশখালী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, ভোট কারচুপি ও নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে দেশের মানুষ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সচেতন। কোনো মহল অবৈধভাবে ভোট কারচুপির চেষ্টা করলে জনগণই তার দাঁতভাঙা জবাব দেবে। এ ধরনের ষড়যন্ত্র প্রতিরোধে প্রশাসন ও নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

একই সঙ্গে তিনি মহেশখালীতে দীর্ঘদিন ধরে চলমান হানাহানি ও সামাজিক অস্থিরতা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, শান্তি ও সম্প্রীতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। মহেশখালী–কুতুবদিয়া অঞ্চলের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকির হোসেন, উপজেলা দক্ষিণ আমীর মাস্টার শামিম ইকবাল, চট্টগ্রামস্থ মহেশখালী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট ফরিদ, বড় মহেশখালী ইউনিয়ন সভাপতি মো. জালাল উদ্দীন, ইউনিয়ন সেক্রেটারি এনামুল করিমসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের জামায়াত নেতৃবৃন্দ।

ক্যাটাগরি