নামাজরত অবস্থায় পুত্রবধুর দায়ের কোপে শাশুড়ির মৃত্যু, পুত্রবধু আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে নামাজরত অবস্থায় পুত্রবধুর ধারালো দা’র কোপে শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধু ছেনুয়ারা বেগমকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়া নতুন মসজিদের উত্তর পাশে গুচ্ছগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নারী মনোয়ারা বেগম ওই এলাকার বাসিন্দা মো. ইদ্রিসের মা। অভিযুক্ত ছেনুয়ারা বেগম (২১) নিহত মনোয়ারা বেগমের পুত্রবধু।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ দিন আগে পারিবারিক বিষয় নিয়ে শাশুড়ি মনোয়ারা বেগমের সঙ্গে পুত্রবধু ছেনুয়ারা বেগমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ছেনুয়ারা বেগম বাপের বাড়িতে চলে যান। বৃহস্পতিবার তিনি স্বামীর বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক আচরণ করেন।
শুক্রবার দুপুরে ছেনুয়ারার স্বামী মো. ইদ্রিস, যিনি পেশায় একজন জেলে, মাছ ধরতে সাগরে যান। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে নামাজরত অবস্থায় ছেনুয়ারা বেগম তার শাশুড়ি মনোয়ারা বেগমের গলায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।
পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় মনোয়ারা বেগমকে শামলাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ব্যবহৃত দা ঘরের চালের ওপর ছুঁড়ে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে। প্রথমে তিনি ঘটনাটি অস্বীকার করলেও পরে নিজের অপরাধ স্বীকার করেন বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই ইব্রাহিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত ছেনুয়ারা বেগমকে আটক করেন।
এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।