মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

নারীদের নিয়ে একটি দল অবমাননাকর বক্তব্য দিচ্ছে : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে একটি দলের প্রধান অবমাননাকর বক্তব্য দিচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। যারা নারীদের অবমাননা করে এবং নারী নেতৃত্ব প্রতিষ্ঠা চায় না, তাদের পক্ষে এ দেশের নারী সমাজ কখনোই থাকতে পারে না।

সোমবার সকালে কক্সবাজারের পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া উপজেলা ছাত্রদল আয়োজিত মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এ ধরনের অবমাননাকর বক্তব্য দিচ্ছে, তারা নারীদের ঘরে আবদ্ধ করে রাখতে চায় এবং কর্মক্ষেত্রে যেতে দিতে চায় না। এমনকি তারা নারীদের কর্মঘণ্টা কমানোর কথা বলছে, যাতে নারীদের কর্মসংস্থান কমে যায়। এসব চিন্তাধারা মধ্যযুগীয় ও পশ্চাদপদ মানসিকতার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, এ দেশে সাম্য, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধ ও ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। কিন্তু একটি দল সেই চেতনার বিপরীতে অবস্থান নিয়েছে। তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরাসরি ভোটে বহু নারীকে মনোনয়ন দিলেও ওই দল একজন নারী প্রার্থীও দেয়নি, যা তাদের নারী-বিরোধী মানসিকতার প্রমাণ।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে কোনো দেশ কখনোই এগিয়ে যেতে পারে না। নারীদের অগ্রগতি, প্রগতি ও মর্যাদা নিশ্চিত না করলে রাষ্ট্র গঠনের স্বপ্ন পূরণ হবে না।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নারী অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বলেই আজ দেশে নারী শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বলেন, বাংলাদেশের নারীরা একই সঙ্গে পর্দানশীল ও প্রগতিশীল, আর আজকের শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরীসহ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

ক্যাটাগরি