বাংলাদেশে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন আহমদ
কক্সবাজার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি সুস্পষ্ট অপচেষ্টা চলছে।
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জংগলকাটা এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যে রাজনৈতিক দল একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাখ্যা করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, সম্প্রতি ওই দলের প্রধান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার বিষয়ে বিভ্রান্তিকর ও অসত্য বক্তব্য দিয়েছেন। সেখানে বলা হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি—বরং অন্য কেউ দিয়েছেন, যা সম্পূর্ণ ইতিহাসবিরোধী দাবি।
তিনি বলেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের কাছ থেকে ইতিহাস বিকৃতির চেষ্টা নতুন কিছু নয়। তবে দেশের মানুষ প্রকৃত ইতিহাস জানে এবং বুঝে যে, একটি মহল আজ নিজেদের নতুন রূপে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, যা আসলে ভণ্ডামি ও প্রতারণা ছাড়া কিছু নয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে একদিন তারা হয়তো দাবি করবে যে, তারাই নাকি স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল।
বিএনপির এই নেতা আরও বলেন, ওই দলটি একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে তাকে ব্যবহার করছে শুধু একটি সাইনবোর্ড দেখানোর জন্য, যেন তাদেরও মুক্তিযোদ্ধা আছে। এর মাধ্যমে তারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে প্রমাণ করতে চাইছে। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনোই এই বিষয় মেনে নেবেন না এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন বলে তিনি বিশ্বাস করেন।
তিনি বলেন, দেশের সব দেশপ্রেমিক মানুষ ও স্বাধীনতার পক্ষের শক্তি ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাধীনতার ইতিহাস নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করে, মিথ্যা তথ্য ছড়ায় এবং ইতিহাস বিকৃত করতে চায়—তাদের বিরুদ্ধে শালীন ভাষায় হলেও দৃঢ় প্রতিবাদ জানানো আমাদের দায়িত্ব।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সম্প্রতি ওই দলটি দেশের নারী সমাজকে চরমভাবে অপমান করেছে। নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার যে প্রস্তাব তারা দিয়েছে, তা নারীদের কল্যাণের জন্য নয়; বরং নারীদের কর্মসংস্থান ধ্বংস করার একটি সুপরিকল্পিত উদ্যোগ।
পথসভায় কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।