পালংখালীতে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
উখিয়া–টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারীকে সমর্থন জানিয়ে উখিয়ার পালংখালী ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের প্রায় তিন শতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উখিয়া উপজেলার থাইংখালী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি পথসভায় যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। যোগদানকারীরা বিএনপি নেতা ও পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
পথসভা শেষে জামায়াত প্রার্থী ও কক্সবাজার জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারীর সঙ্গে থাইংখালী স্টেশন এলাকায় মিছিল করেন গফুর উদ্দিন চৌধুরী।
মিছিল পরবর্তী বক্তব্যে গফুর উদ্দিন চৌধুরী বলেন, আমি নিজেই বিএনপি। কিন্তু চাঁদাবাজির প্রতিবাদ করায় মামলা ও হামলার শিকার হয়েছি। ২৩ দিন কারাবরণ করেছি। এই অন্যায়-জুলুমের প্রতিবাদে এবং চাঁদাবাজির বিরুদ্ধে গিয়ে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় সমর্থন দিলাম। আগামী ১২ তারিখ আপনারা সবাই দাঁড়িপাল্লায় ভোট দেবেন।
জামায়াত প্রার্থী নুর আহমদ আনোয়ারী বলেন, গফুর উদ্দিন চৌধুরীসহ থাইংখালীর তিন শতাধিক বিএনপি নেতাকর্মীর যোগদান চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। উখিয়া–টেকনাফে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত।
যোগদানকারী পালংখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল হক ভুলু বলেন, দলের জন্য অনেক কাজ করেছি, কাউন্সিলে ভোট পেয়ে নির্বাচিতও হয়েছি। কিন্তু সততার কোনো মূল্য নেই। চাঁদাবাজির তকমা লাগা দলে আর থাকতে চাই না।
উল্লেখ্য, কক্সবাজার-৪ আসনে জামায়াত প্রার্থী নুর আহমদ আনোয়ারীর প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপির জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।