কক্সবাজার জেলা

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২৪ হাজার ২০ পিচ ইয়াবাসহ ১০ জন গ্রেফতার

কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ডাকাত, মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার, কক্সবাজারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর সার্বিক তত্ত্বাবধানে এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর ২টা ১৫ মিনিটে কক্সবাজার সদর থানাধীন পাহাড়তলী বাদশাঘোনায় জনৈক জামাল উদ্দিনের বসতঘরের সামনে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতিকালে যৌথবাহিনীর অভিযানে মো. সাদেক (২৫) ও মো. রবিউল আলম সোহেল ওরফে রবি (২৭) নামের দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাপাতি, কিরিচ ও রামদাসহ ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা রুজু করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া পৃথক অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করে তাদের কাছ থেকে মোট ২৪ হাজার ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে ২ ফেব্রুয়ারি রাতে ঝিলংজা ইউনিয়নের উত্তরণ আবাসিক এলাকা থেকে বদিউল আলম (৫০)-এর কাছ থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরদিন গভীর রাতে বৈদ্যঘোনা ও পাহাড়তলী বাজার এলাকায় অভিযান চালিয়ে সওকত আরা (৩৫)-এর বাসা থেকে ২০ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়। একই দিন সকালে বড় বাজার এলাকা থেকে আরমান সরকার জয় (২৫)-এর কাছ থেকে উদ্ধার করা হয় ৪ হাজার পিচ ইয়াবা।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ মোট পাঁচজন আসামিকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কক্সবাজার জেলায় মাদক, ডাকাতি ও সন্ত্রাস দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ক্যাটাগরি