মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলিবর্ষণ, ৩ শিশুসহ ৫ জন আহত

কক্সবাজারের টেকনাফে বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণা চলাকালে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে ৩ শিশুসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্য অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে ২০ থেকে ২৫ জন সমর্থক একটি মিনিট্রাক (ডাম্পার) থেকে নাচ-গান ও স্লোগান দিচ্ছিলেন। এ সময় উৎসুক জনতার ভিড় জমে।

হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে থাকা ৫ জন গুলিবিদ্ধ হন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রচারণার গাড়িটি দ্রুত সরে যায় এবং লোকজন ছোটাছুটি শুরু করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।

গুলিবিদ্ধরা হলেন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোচনী গ্রামের বাসিন্দা ভেক্কা মিয়ার ছেলে বাচা মিয়া (৪৫), ৮ নম্বর ওয়ার্ডের আলীখালী গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে শাহাব উদ্দিন (১১), একই এলাকার আব্দুল জলিলের শিশু কন্যা নুসরাত জান্নাত রাফি (১৮ মাস), আলীখালীর পার্শ্ববর্তী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/ফাইভ ব্লকের বাসিন্দা নুর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৭) এবং ডি/ফোর ব্লকের বাসিন্দা নুরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)।

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন বাচা মিয়া জানান, তিনি আলীখালী এলাকায় একটি বিয়ের ডেকোরেশনের কাজে ছিলেন। কিছু দূরে বিএনপির প্রচারণার গাড়ি থেকে শব্দ হচ্ছিল। হঠাৎ গুলির শব্দ শুনে তিনি প্রথমে বারুদের শব্দ ভেবেছিলেন। পরে বুঝতে পারেন তার হাতে গুলি লেগেছে। তবে কারা গুলি করেছে তা তিনি বলতে পারেননি।

বাঁ পায়ে গুলিবিদ্ধ আব্দুর রহমান বলেন, নামাজ শেষে সড়কের পাশে একটি দোকানে দাঁড়িয়ে ভোটের প্রচারণা দেখছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

আহত দুই শিশু নুসরাত জান্নাত রাফি ও শাহাব উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। রাফির মা ছমিরা বেগম জানান, তিনি কন্যাকে নিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় রাফির পিঠে দুটি গুলি লাগে। অন্যদিকে শাহাব উদ্দিনের কোমরে গুলি লেগেছে বলে জানা গেছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অতর্কিত হামলায় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ক্যাম্প এলাকায় দায়িত্বে থাকা ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার জানান, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের একটি প্রচারণা ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জনসমাগম তৈরি হয়। এ সময় দুর্বৃত্তরা উপস্থিত জনতার ওপর গুলি চালায়। হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

ক্যাটাগরি