বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কি না—এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাঁদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে।”

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তার সন্তানরাও বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচার চলমান।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেন। তিনি বলেন, “আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আমি কীভাবে সরকার গঠন করব? তাহলে বিরোধী দল কে হবে?”

বিএনপির সহযোগীদের বরাতে জানা গেছে, দলটি ৩০০ সংসদীয় আসনের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের ব্যাপারে আশাবাদী। এবারের নির্বাচনে বিএনপি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে, বাকি আসনগুলোতে জোট শরিকরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ঠিক কত আসনে বিএনপি জয় পাবে—সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা জানাতে চাননি তারেক রহমান। তিনি বলেন, “আমরা আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য পর্যাপ্তসংখ্যক আসন আমাদের থাকবে।”

পররাষ্ট্রনীতির বিষয়ে প্রশ্নে তারেক রহমান বলেন, বাংলাদেশ এমন অংশীদার চায় যারা প্রায় সাড়ে ১৭ কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সক্ষম। তিনি বলেন, “আমরা সরকারে থাকলে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, দেশে ব্যবসা-বাণিজ্য আনতে হবে, যাতে মানুষ ভালো জীবন যাপন করতে পারে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে-ই আমাদের জনগণ ও দেশের জন্য জুতসই প্রস্তাব দেবে, তাদের সঙ্গেই আমরা বন্ধুত্ব রাখব—নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়।”

ক্যাটাগরি