ইসলামের নামে ভোটের রাজনীতি বন্ধের আহ্বান সালাহউদ্দিন আহমদের
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেছেন, কিছু রাজনৈতিক দল ইসলামের নামে ভোটের রাজনীতি করছে, যা ধর্মের সঙ্গে প্রতারণার শামিল। তিনি বলেন, “আল্লাহর কাজ বান্দা করতে চায়-নাউজুবিল্লাহ। সোশ্যাল মিডিয়ায় দেখেছি, জামায়াতের অনেক নেতা ও প্রার্থীরা বলছেন, এবার নাকি তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। তাহলে আগে যারা মারা গেছে, তাদের অবস্থা কী হবে?”
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজারের মহেশখালীতে কক্সবাজার-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী স্পষ্টভাবে বলেছেন,“জামায়াতে ভোট দেওয়া হারাম।” তিনি বলেন, “আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, মওদুদীর ইসলামে বিশ্বাস করি না।”
জামায়াতের উদ্দেশে তিনি বলেন, “চরমোনাই পীরের ভাষায় বলি,আপনারা যদি শরীয়াহ আইন না চান, তাহলে নামের সঙ্গে ইসলাম শব্দ বাদ দেন। কোনো দলের নামের সঙ্গে ইসলাম থাকলেই তা ইসলামী দল হয়ে যায় না। ইসলামের নামে ধোঁকা দেওয়া বন্ধ করুন।”
বিএনপির এই নেতা আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। “আপনারাও ইশতেহারে সংবিধানের কথা বলেছেন, তাহলে দয়া করে সেখানে ইসলাম টেনে আনবেন না। ব্যালটে যুদ্ধ হলে কোরআনের বিজয় হবে-এ ধরনের বক্তব্য আস্তাগাফিরুল্লাহ। একটি ভোটের জন্য ক্ষমতায় যেতে যা খুশি বলা হচ্ছে,” মন্তব্য করেন তিনি।
সভায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি জনগণের দল এবং সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের মানুষ বিশ্বাস করে, আগামীর সরকার হবে বিএনপির সরকার।
সভায় বক্তব্য দেন বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ। তিনি বলেন, জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে এলাকার উন্নয়ন করতে চান এবং এ জন্য ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।
সালাহউদ্দিন আহমদের আগমন উপলক্ষে সভাস্থলে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। মহেশখালী ও কুতুবদিয়ার প্রায় সব ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সভায় উপস্থিত ছিলেন।