অনৈতিক পন্থায় ক্ষমতায় আসতে চায় একটি দল: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্দিষ্ট একটি দল অতি উচ্চাভিলাষী হয়ে অনৈতিক পন্থায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউটে ভোটাধিকার প্রয়োগের আগে তিনি এসব কথা বলেন।
কোনো দলের নাম উল্লেখ না করে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা ওভার অ্যাম্বিশিয়াস—বাংলায় বলতে গেলে অতি উচ্চাভিলাষী। তাদের মধ্যে যেকোনোভাবে ক্ষমতায় যাওয়ার তাড়না রয়েছে। এই অভিলাষ পূরণে তারা অনৈতিক পন্থা অবলম্বন করেছে বলেও অভিযোগ করেন তিনি। কয়েকটি স্থানে সাজা হওয়ার ঘটনাও ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ব্যালট পেপার ছাপানোর মতো ঘটনাও দেখা গেছে।
তিনি আরও বলেন, নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসব ঘটনায় জড়িত—এমন তথ্য গণমাধ্যমে এসেছে। কেউ কেউ আটক হয়েছেন, প্রমাণিত হয়েছে এবং সাজাও দেওয়া হয়েছে। এসব ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে সব রাজনৈতিক দলকে নিয়ম মেনে চলতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো ধরনের অপসংস্কৃতি মেনে নেবে না। যারা ভিন্ন পথে বা অনৈতিক উপায়ে ক্ষমতায় যেতে চায়, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে—এমন প্রত্যাশার কথাও জানান তিনি।