চট্টগ্রামের ১৬ আসনের ১৪টিতে বিএনপির জয়, জামায়াত ২টিতে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। বাকি দুটি আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর প্রার্থীরা। কয়েকটি আসনে বেসরকারি ফলাফল ঘোষণা হলেও আদালত বা নির্বাচন কমিশনের নির্দেশে ফল প্রকাশ স্থগিত রয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র ও রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন জয়ী হয়েছেন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরওয়ার আলমগীর জয়ী হলেও উচ্চ আদালতের নির্দেশে ফলাফল প্রকাশ স্থগিত রয়েছে। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা জয়ী হয়েছেন। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে জয়ী হলেও নির্বাচন কমিশন ফলাফল স্থগিত রেখেছে।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বড় ব্যবধানে জয়ী হন। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জয়ী হয়েছেন। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে হুম্মাম কাদের চৌধুরী জয় পান। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এরশাদ উল্লাহ নির্বাচিত হন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ (পাঁচলাইশ, ডবলমুরিং, পাহাড়তলী) আসনে সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী জয়ী হয়েছেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে জসিম উদ্দিন আহমেদ জয়ী হয়েছেন। এ আসনে জয়ের ব্যবধান ছিল এক হাজারেরও কম।
অন্যদিকে, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম জয় পেয়েছেন।
চট্টগ্রামের বেশির ভাগ আসনে বিএনপি প্রার্থীরা স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন। তবে দুটি আসনে ফলাফল স্থগিত থাকায় নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশের পর আনুষ্ঠানিক চিত্র পুরোপুরি স্পষ্ট হবে।