সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। তার ওই বার্তার জন্য মোদিকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।’ তিনি আরও উল্লেখ করেন, এই জয় তারেক রহমানের নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। পাশাপাশি ভারত একটি ‘গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক’ বাংলাদেশ-এর প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেন তিনি।

মোদি আরও বলেন, দুই দেশের বহুমুখী সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে তিনি তারেক রহমানের সঙ্গে কাজ করতে আগ্রহী।

ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দনের জবাবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ‘আমরাও আমাদের দলের পক্ষ থেকে তাকে (নরেন্দ্র মোদি) ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়। ফলে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করা হয়েছে।

সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে দলটি ২০০টিরও বেশি আসনে জয়ী হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় এবং ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) তৃতীয় অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

ক্যাটাগরি