টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, চারজন গ্রেফতার
টেকনাফ মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দরগাহছড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাস আগে অপহৃত ১৭ বছর বয়সী কিশোর জুবায়েরকে উদ্ধার করেছে। একই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়। উদ্ধারকালে অপহরণে ব্যবহৃত একটি টমটম (ইজি বাইক)ও জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত কিশোর জুবায়ের টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মৃত ইমাম হোছনের ছেলে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন টেকনাফের স্থানীয় বাসিন্দা এবং একজন রোহিঙ্গা। স্থানীয়রা হলেন নুরুল ইসলাম (৫০), আব্দুল্লাহ (২৫) ও ছিদ্দিক আহমদ (৫৪) এবং রোহিঙ্গা হামিদ উল্লাহ (১৯) বালুখালী শরণার্থী ক্যাম্প-১০-এর বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজার জেলা এবং দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন অপহরণ করে মুক্তিপণ আদায়ের পর সমুদ্রপথে বিদেশে পাচার করতো। উদ্ধারকৃত কিশোরকে দুই মাস আগে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে সমুদ্রপথে নেওয়া হয়েছিল এবং পরে মিয়ানমারের জঙ্গলে প্রায় ৫০ দিন আটকে রাখা হয়। বয়স কম হওয়ায় তাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে নুরুল ইসলামের বাড়িতে আটক রেখে মুক্তিপণ দাবি করা হয়। ভিকটিমের পরিবার ৪০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করলেও তাকে মুক্তি না দিয়ে আরও অর্থ দাবি করা হয়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কিশোরকে উদ্ধার করে।
গ্রেফতারকৃত আব্দুল্লাহর বিরুদ্ধে পূর্বে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৭/৮/৯/১১ ধারায় মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) অলক বিশ্বাস জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মানবপাচার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।