কালারমারছড়ায় টমটমের ধাক্কায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
কালারমারছড়ায় টমটমের ধাক্কায় আট বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৩টার দিকে কালারমারছড়া মাছ বাজারের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি স্থানীয় ফকিরজোমপাড়া এলাকার বাসিন্দা ভেট্টো মাঝির মেয়ে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি টমটম তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ওই সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যান চলাচল করে। তারা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।