অজানা কারণে বন্ধ আইইবি কক্সবাজার উপ-কেন্দ্রের দশতলা ভবনের নির্মাণকাজ
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কক্সবাজার উপ-কেন্দ্রের দশতলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনের কাজ দীর্ঘদিন ধরে অজানা কারণে বন্ধ রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
জানা গেছে, গণপূর্ত বিভাগের তদারকিতে পরিচালিত ভবনটির নির্মাণকাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় আইইবি কক্সবাজার উপ-কেন্দ্রের সদস্য প্রকৌশলীদের মধ্যে হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে। কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় নির্মাণ ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ভবনের কাঠামোগত ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই ভবনটি সম্পন্ন হলে কক্সবাজার জেলার প্রকৌশলীদের পেশাগত কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষণ আয়োজন এবং সভা-সেমিনারসহ বিভিন্ন একাডেমিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল। কিন্তু নির্মাণকাজের দীর্ঘসূত্রিতার কারণে আইইবি কক্সবাজার উপ-কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে আইইবি কক্সবাজার উপ-কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, গত ০৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে লিখিতভাবে বিষয়টি জানিয়ে কক্সবাজার গণপূর্ত বিভাগে আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করছি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে এবং দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু হবে।
এদিকে সদস্য প্রকৌশলীরা দ্রুত সমস্যা সমাধান করে নির্মাণকাজ পুনরায় চালুর দাবি জানিয়েছেন। তাঁদের মতে, প্রকল্পটি দীর্ঘদিন ঝুলে থাকলে শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, ভবিষ্যতে আইইবির পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়নেও বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।