টেকনাফের নোয়াখালী পাড়া ও কচ্ছপিয়া এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় চলছে মানবপাচার: মানব পাচারকারীরা ধরাছোঁয়ার বাইরে
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া ও কচ্ছপিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির মধ্যেই মানবপাচার কার্যক্রম চলছে-এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অবৈধভাবে লোক পাঠানো, মিয়ানমারে পণ্যপাচার এবং সাগর থেকে মাদকের চালান উত্তোলনের সঙ্গে জড়িত রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনকে নিয়মিত মাসোহারা দেওয়ার কারণে অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ফলে দিন-রাত সমানতালে মানবপাচারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে জানান তারা। এতে করে এলাকায় অপহরণ, হত্যা, ধর্ষণ ও চোরাচালানের মতো অপরাধও বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নোয়াখালী পাড়া ও কচ্ছপিয়া এলাকার কয়েকজন ব্যক্তির নেতৃত্বে এ সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হলে মানবপাচার বন্ধ করা সম্ভব হবে বলে মনে করছেন বাসিন্দারা।
এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকায় চিরুনি অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
অন্যদিকে, টেকনাফ সদরের রাজারছড়া এলাকার একাধিক অপরাধমূলক মামলার আসামিও এই মানবপাচার চক্রের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব বিষয়ে কেউ মুখ খুললে তাকে হুমকি ও সহিংসতার শিকার হতে হয়।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে উপকূলীয় এ অঞ্চলে মানবপাচারসহ অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
সূত্র: Teknaf24.