আগামী মহেশখালী পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন “সাগর দে”
আগামী মহেশখালী পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ সমাজকর্মী সাগর দে। প্রার্থিতা ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মাঝে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সাগর দে তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে জানান, দীর্ঘদিন ধরে তিনি ওয়ার্ডবাসীর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এলাকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন ও পরিকল্পিত ওয়ার্ড গড়ে তোলা এবং নাগরিক সেবার মান উন্নয়ন-এসব বিষয়কে তিনি অগ্রাধিকার দিতে চান। তিনি লিখেছেন, “ওয়ার্ডের প্রতিটি মানুষের সঙ্গে নিয়ে একটি আধুনিক ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে চাই।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ৬নং ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সুবিধা বৃদ্ধি এবারের নির্বাচনের গুরুত্বপূর্ণ ইস্যু হতে যাচ্ছে। এসব বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন সাগর দে।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সব শ্রেণি-পেশার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করবেন। ইতোমধ্যে তিনি বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ শুরু করেছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাঁর প্রচারণা ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আসন্ন নির্বাচনে ৬নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা জমজমাট হওয়ার আভাস মিলছে। তবে শেষ পর্যন্ত ভোটারদের রায়েই নির্ধারিত হবে কে হচ্ছেন ওয়ার্ডবাসীর আগামী দিনের জনপ্রতিনিধি।