টেকনাফ সৈকতে ভেসে এলো অজ্ঞাত ট্রলার
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১০টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্রতীরে একটি অজ্ঞাত ট্রলার ভেসে থাকতে দেখা গেছে। স্থানীয় জেলে ট্রলারটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-কে খবর দেন।
ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সদস্যরা ট্রলারটি নিজেদের হেফাজতে নেন। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, ট্রলারটির মালিকানা বা পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আপাতত এটি নৌঘাটের বোট মালিক সমিতির সভাপতির জিম্মায় রাখা হবে এবং পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় জেলে মো. সলিম জানান, “সকালে মাছ ধরতে যাওয়ার সময় একটি বড় ট্রলার ভাসতে দেখি। বিষয়টি জানিয়ে বিজিবি সদস্যরা এসে ট্রলারটি নিয়ন্ত্রণে নেন।”
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ট্রলারটি কীভাবে সেখানে ভেসে এসেছে এবং এর পেছনে কোনো দুর্ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে