টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কারবারি আটক
কক্সবাজারের টেকনাফ সদরের বীচ পয়েন্ট বাজারে অভিযান চালিয়ে ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫–এর সিপিসি-১। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক আ. ম. ফারুক।
গ্রেপ্তার আসামি মো. রফিক (২৮) কক্সবাজার পৌরসভার লারপাড়ার বাসিন্দা মো. হোসেনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২ মার্চ টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়া বীচ পয়েন্ট বাজারে সাইফা কুলিং কর্ণারের সামনে পাকা সড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয় বা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক কারবারি পালানোর চেষ্টা করলে মো. রফিককে আটক করা সম্ভব হয়। তবে তার সঙ্গে থাকা অপর একজন পালিয়ে যায়। পরে তল্লাশি করে রফিকের হেফাজত থেকে উনপঞ্চাশ হাজার আটশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।