আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ মার্চ) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম। তিনি জানান, বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে এই তিন বাংলাদেশিকে আটক করে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি। বিজিবির সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
ফেরত আসা তিনজন হলেন—বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পশ্চিমপাড়া গ্রামের মো. বাপ্পি (২৮) ও ওসমান গনি রাব্বি (১৮) এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া গ্রামের মো. জনি মিয়া (২২)।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে একজনকে আটক করে আরাকান আর্মি। পরে ২৮ ফেব্রুয়ারি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাছাকাছি বালুখালী নদীতে মাছ ধরতে গেলে আরও দুজনকে ধরে নিয়ে যাওয়া হয়।
পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করে। পরে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে শুক্রবার দুপুরে তাদের ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে কক্সবাজার ব্যাটালিয়নের তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। দেশে ফেরার পর তিনজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।