কক্সবাজার জেলা

কক্সবাজারে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কক্সবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

সভায় কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মতামত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বৈশাখ বাঙালির প্রাণের উৎসব ও ঐতিহ্যের অংশ। প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপন করা হবে। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সরকারি নির্দেশনা মেনে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি গুরুত্ব দিয়ে সীমিত পরিসরে আয়োজন সম্পন্ন করা হবে।

সভায় জানানো হয়, পহেলা বৈশাখের দিন সকাল সাড়ে ৭টায় সি-গাল হোটেলের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হবে। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও নিজ নিজ উদ্যোগে বৈশাখ উদযাপন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজিব, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানসহ রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

ক্যাটাগরি