শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে ট্রলারের জালে ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

কক্সবাজারের টেকনাফে একটি মাছ ধরার ট্রলারের জালে একসঙ্গে ১০১ মণ ইলিশ ধরা পড়েছে। এসব ইলিশ বিক্রি করে প্রায় ৩৩ লাখ টাকা পেয়েছেন জেলেরা। দীর্ঘ সময় পর এত বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় জেলেপল্লিতে আনন্দের বন্যা বইছে।

রোববার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’ ট্রলারটি সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের মৌলভীরকুম এলাকায় জাল ফেললে এসব ইলিশ ধরা পড়ে। পরে বিকেলে শাহপরীর দ্বীপ জেটিঘাটের একটি আড়তে মাছগুলো বিক্রি করা হয়।

ট্রলারের মাঝি নুরুল ইসলাম জানান, গত শুক্রবার ১৫ জন জেলে নিয়ে তারা সাগরে যান। শনিবার তেমন মাছ না পেলেও রোববার ভোরে জাল ফেলতেই কয়েক হাজার ইলিশ ধরা পড়ে। পরে মাপার পর মোট ১০১ মণ ইলিশ পাওয়া যায়। এর মধ্যে ১০০ মণ ইলিশ প্রতি মণ ৩৩ হাজার টাকা দরে বিক্রি করে ৩৩ লাখ টাকা আয় হয়। বাকি এক মণ ইলিশ ট্রলার মালিক, জেলে ও তাদের পরিবারের মধ্যে ভাগ করে নেওয়া হয়।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল গণি বলেন, সামনে ১৪ এপ্রিল থেকে সারা দেশে ৫৮ দিনের জন্য ইলিশসহ সামুদ্রিক মাছ আহরণে নিষেধাজ্ঞা শুরু হবে। এর আগে কয়েক মাস ধরে টেকনাফের প্রায় ১০ হাজার জেলে বেকার সময় পার করেছেন। জ্বালানি সংকট ও মাছের স্বল্পতায় অনেক ট্রলার সাগরে যেতে পারেনি।

তিনি আরও বলেন, এমন সময়ে একটি ট্রলারে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ার ঘটনা জেলেদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ফলে অনেকেই আবার সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন।

ক্যাটাগরি