শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

মাছ শিকারে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত সংলগ্ন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা ল্যান্ডমাইনের বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি উড়ে গেছে এবং ডান পায়ের হাঁটুর নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত মো. সাদেক (২৫) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০-এর ব্লক-এফ ১৩-এর বাসিন্দা। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সংলগ্ন মিয়ানমারের ভেতরে ‘নারিকেল বাগান’ নামে পরিচিত স্থানে এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি শূন্যরেখা থেকে প্রায় ১৫০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে।

বিজিবি সদস্যরা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে দেখতে পান, গুরুতর আহত সাদেককে তাঁর সঙ্গীরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে নিয়ে আসছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে জানা গেছে, জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়ে সাদেকসহ কয়েকজন জেলে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের ভেতরে প্রবেশ করেছিলেন। ফেরার পথে পুঁতে রাখা মাইনে বিস্ফোরণ ঘটলে তিনি গুরুতর আহত হন।

রোহিঙ্গা শরণার্থীরা জানান, সীমান্ত এলাকায় এমন মাইন বিস্ফোরণের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জীবিকার প্রয়োজনে সীমান্ত অতিক্রম করা রোহিঙ্গা ও স্থানীয় জেলেদের জন্য এটি বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে ফেরার পথে ল্যান্ডমাইন বিস্ফোরণে ওই যুবক আহত হয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ক্যাটাগরি